চুয়াডাঙ্গায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর থানাধীন চেম্বার অব কমার্স ভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আন্তর্জাতিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. সাগর আহমেদ, সাবেক জেলা আমির ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ারুল হক মালিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই চূড়ান্ত অর্জন নয়। প্রকৃত সফলতার জন্য শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সৎ চরিত্র গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তারা বলেন, মেধার সঙ্গে আদর্শিক চরিত্রের সমন্বয় না ঘটলে অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব নয়। তাই ভবিষ্যতে নিজেদের দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















