নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরে মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ছাত্রসংগঠন ও পতিত অপশক্তির পক্ষ থেকে ওই দিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এতে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ সমর্থন জানায় বলে উল্লেখ করেন ছাত্রদলের নেতারা। তবে দেশজুড়ে ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি বলে দাবি করা হয়। এরই প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাছপট্টি, স্টেশন, রেলবাজার, একাডেমি মোড়, নিউমার্কেট ও হাসান চত্বর হয়ে দৌলতদিয়াড় ও বঙ্গজ এলাকা ঘুরে বহরটি চৌরাস্তা মোড়ে পৌঁছায়। পরে ভি. জে. স্কুল রোড, কোর্ট মোড় ও নতুন বাজার হয়ে পুলিশ লাইন প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে গিয়ে কর্মসূচি শেষ হয়। এর আগে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহাজান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান। সমাবেশটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, সাবেক যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহাজান আলী সান ও রাশিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রিফাত উল হক, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুন আহমেদ শান্ত, আইনবিষয়ক সম্পাদক জীবন, সদস্য রাহাত উল হক, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সজল এবং ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকতিয়ার হক স্বপ্নীলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। দেশ ও দেশের মানুষের জানমাল রক্ষায় তাঁরা সজাগ আছেন। ফ্যাসিবাদী শাসনের অবসানের পরও অনেকে নিজেদের ব্যবসা-বাণিজ্য ও পেশাগত কাজ চালিয়ে যাচ্ছেন, এতে তাঁদের আপত্তি নেই। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















