মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) মাগুরার শালিখা আমলি আদালতের বিচারক বর্ণালী রানী তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ইসমাইল হোসেন পিরোজপুরের ইন্দুরকানী থানায় কর্মরত ছিলেন। অন্যদিকে, বিপ্লব কুমার নাথ বরিশাল নৌ-পুলিশে কর্মরত ছিলেন।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ইন্দুরকানী থানায় কর্মরত অবস্থায় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিন বরিশাল নৌ-পুলিশে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয় বিপ্লব কুমার নাথকে। তাঁরা দুজনই মশিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় একটি মামলা করা হয়েছিল।
মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর আদালতে এ হত্যা মামলা করেন। মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ কয়েকজনকে আসামি করা হয়। আদালত মামলাটিকে এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শালিখা থানাকে নির্দেশ দেন। পরে মামলাটির তদন্ত শুরু হয়।
তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্যের বিস্তারিত প্রকাশ করেননি তিনি।
এদিকে, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ‘ক্রসফায়ারের’ নামে হত্যা এবং এ ধরনের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ছিল।
এ বিষয়ে জানতে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নিতে পারেন। তবে তাঁকে এ বিষয়ে জানানো হয়নি। ইন্দুরকানী থানার ওসি মো. মহব্বত খান বলেন, এ বিষয়ে বিস্তারিত বলার জন্য তিনি অনুমোদিত নন।
পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ইসমাইল হোসেন মাগুরার শালিখা থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। তিনি ইন্দুরকানী থানায় কর্মরত ছিলেন।
উল্লেখ্য, সাবেক ওসি বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা।
সুত্র : জাগো নিউজ ২৪
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 




















