ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা সাত যাত্রীরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।
দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সুত্র : ঢাকা পোস্ট
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 









