দীর্ঘদিনের চোখের জটিলতা নিরসনে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তরুণ সাংবাদিক ও অধিকারকর্মী মেহেরাব্বিন সানভীর বাম চোখে। প্রায় এক মাসের জটিল চিকিৎসা প্রক্রিয়া শেষে সোমবার (২৬ অক্টোবর) সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর এই অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মেহেরাব্বিন সানভী দৈনিক সময়ের সমীকরণের যুগ্ম সম্পাদক এবং আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শৈশবে দুর্ঘটনাজনিত আঘাতের কারণে দীর্ঘদিন ধরে বাম চোখের জটিলতায় ভুগছিলেন তিনি। অবশেষে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে সেই জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে।
জানা গেছে, ছোটবেলায় ডাংগুলি খেলতে গিয়ে বাম চোখে গুরুতর আঘাত পান সানভী। সে সময় তাঁর চোখে প্রাথমিক অস্ত্রোপচার করা হলেও জটিলতা পুরোপুরি দূর হয়নি। দীর্ঘদিন ধরে সেই সমস্যার ভার বহন করতে হয়েছে তাঁকে। পরে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নাজমুল হক স্বপনের সার্বিক সহযোগিতা এবং অভিভাবকসুলভ অনুপ্রেরণায় উন্নত চিকিৎসা ও জটিল এই অস্ত্রোপচারের সুযোগ পান তিনি।
চিকিৎসা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব। তাঁর আন্তরিক সহযোগিতা ও নিরলস প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেহেরাব্বিন সানভী।
এ ছাড়া জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করায় হাসপাতালের অধ্যাপক ডা. এএসএমএম কাদির এবং তাঁর পুরো চিকিৎসক দলের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
দীর্ঘদিনের শারীরিক ভোগান্তি পেরিয়ে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় এখন সুস্থতার প্রত্যাশায় রয়েছেন এই তরুণ সাংবাদিক। তাঁর চোখের সম্পূর্ণ আরোগ্য ও দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য ও স্বজনেরা।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























