চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভাংবাড়িয়া বাজারের আলী প্রামাণিকের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, সেখানে গোপন বৈঠক করে ধর্মঘট ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তারা। তাদের বিরুদ্ধে নাশকতা মামলার প্রস্তুতি চলছে।
আটক ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে মোহাম্মদ মিনারুল (৫০), আবুস উদ্দিনের ছেলে আসমাতুল্লাহ সুজন (৪২), মৃত ইকতার আলীর ছেলে রেজাউল করিম, ইসাহাক আলীর ছেলে আমারত আলী (৬০), আফতাব আলীর ছেলে লালু মণ্ডল (৫৪), বড় বোয়ালিয়া গ্রামের মৃত সুলতান রহমানের ছেলে জেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু (৬৫) এবং ভোগাইল বগাদী গ্রামের মিয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে আজিজুল হক (৬৪)।
পুলিশের ভাষ্য, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাংবাড়িয়া বাজারের ওই চায়ের দোকানে একত্রিত হয়ে গোপনে বৈঠক করছিলেন। দলটির অবরোধ কর্মসূচি পালনের সময় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন বলে পুলিশের দাবি।
আলমডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলার প্রস্তুতি চলছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















