আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে চুয়াডাঙ্গাসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন।
চুয়াডাঙ্গা জেলায় এবার ১৯টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষায় মোট ৯ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এর মধ্যে—এইচএসসি: ১২টি কেন্দ্রে ৭,৫৮৪ জন, এইচএসসি (ভোকেশনাল): ২টি কেন্দ্রে ৮৮৬ জন, এইচএসসি (বিএমটি): ২টি কেন্দ্রে ৫৯৯ জন, আলিম: ৩টি কেন্দ্রে ৩৮৭ জন পরীক্ষার্থী
লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ৫ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একাধিক কঠোর নির্দেশনা দিয়েছে। ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ভিডিও ফুটেজ সংরক্ষণ এবং কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার পরীক্ষা কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি এবং মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দিয়েছেন।
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন এবং কেন্দ্রের গেটে অযথা ভিড় না করার আহ্বান জানান।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানিয়েছেন, সারাদেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁস বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়ানোর চেষ্টা করলে সংশোধিত পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হয়েছে এবং কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি কেন্দ্রের ভেতরে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস বহন করতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্য একটি স্বচ্ছ, সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করা।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















