চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠে অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত ছয়ঘরিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ট্রাইব্রেকারে সরোজগঞ্জ বোয়ালিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দীননাথপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া মাঠে আয়োজিত এ ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেয়। খেলার পূর্ণ সময়ে ১–১ গোলের সমতা থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত দীননাথপুর স্পোর্টিং ক্লাব ২–১ গোলে জয়লাভ করে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকসারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্ণ সময়ের খেলা শেষে ফলাফল ১–১ গোল সমতায় থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। অবশেষে ট্রাইব্রেকারে ২–১ গোলে জয় পায় দীননাথপুর স্পোর্টিং ক্লাব।

দীননাথপুর দলের হয়ে অসাধারণ এক গোল করেন আব্দুল হালিম। তার পারফরম্যান্সে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মাঠের চারপাশে। ম্যাচ সেরা ও বেস্ট গোলকিপার নির্বাচিত হন ইফাজ আহমেদ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ইমন, আর সর্বাধিক গোলদাতা হন ওয়াসেল।
মাঠে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদল নেতা এম এইচ মোস্তফা। গোলপ্রতি ৫০০ টাকা প্রাইজমানি ঘোষণা করে তিনি বলেন, “এমন প্রতিযোগিতামূলক খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে। খেলাধুলা শরীর ও মন দুটোই সুস্থ রাখে, তাই এই আয়োজন অব্যাহত রাখতে হবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়ঘরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল বাচ্চু, রাজউকের কর্মকর্তা শরিফুল ইসলাম, ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. মিজানুর রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মাহবুব ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সহ-সভাপতি জিলাল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুবদল নেতা হাসমত আলী, মুনসুর আহমেদ, জসিম উদ্দিন, টুটুল মিয়া, রফিক, আশরাফুল, পারভেজ, মামুনসহ আরও অনেকে।
খেলার প্রধান রেফারি ছিলেন রায়হান আহমেদ, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফাহাদ হাসান ও রাতুল হাসান। মাঠের পরিচালনা ও সহযোগিতায় ছিলেন আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, জিলাল হোসেন, আল হাফিজ, হারুন আর রশিদ, সোহেল উদ্দিন, আনিস উদ্দিন, এসআই সানি খানসহ আরও অনেকে।
পুরো খেলা জুড়ে মাঠে ছিল এক অন্যরকম আবহ। দর্শকদের চোখে মুখে ছিল আনন্দের ঝলক। ট্রাইব্রেকারে দীননাথপুরের জয়ের মুহূর্তে মাঠ যেন মুহূর্তেই পরিণত হয় উৎসবে। কেউ পতাকা নাড়ছেন, কেউবা খুশিতে মাঠে নেমে পড়েছেন খেলোয়াড়দের সঙ্গে।
ম্যাচ শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। সেই সঙ্গে মাঠজুড়ে বাজতে থাকে তুমুল করতালি আর উল্লাসধ্বনি।
এএইচ
সজিব উদ্দিন 


























