চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকে (২৭) গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা-পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ায় তাঁদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে থানা-পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সুষম কাওনাইন বাবুপাড়ার বাসিন্দা। তিনি মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে। তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকেও একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় আলমডাঙ্গা থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার দুজনকে বুধবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার বিকেকে এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এএইচ/বিজ্ঞপ্তি
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















