চুয়াডাঙ্গার জীবননগরের সফল কৃষি উদ্যোক্তা মো. রুহুল আমিন তার খামারে উৎপাদিত দুই প্রজাতির সীডলেস (বীজবিহীন) আঙ্গুর উপহার দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদকে।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সৌজন্য সাক্ষাতে তিনি নিজ বাগানে উৎপাদিত আঙ্গুর মন্ত্রীর হাতে তুলে দেন।
এসময় কৃষিমন্ত্রী বলেন, দেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের বিস্তৃত সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলবায়ু উপযোগী উন্নত জাতের ফল উৎপাদনে উদ্যোক্তাদের অগ্রগতি কৃষিখাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। তিনি রুহুল আমিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উচ্চমূল্যের ফল চাষে সরকার প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও নীতিগত সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।
জানা যায়, মো. রুহুল আমিন এক যুগেরও বেশি সময় ধরে জীবননগরে তার প্রতিষ্ঠিত ‘রুহুল এগ্রো লিমিটেড’ ও ‘গ্রীণ প্লানেট এগ্রো’ খামারে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন জাতের আঙ্গুরের পরীক্ষামূলক চাষ পরিচালনা করে আসছেন। দীর্ঘ গবেষণা, সঠিক জাত নির্বাচন এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে তিনি স্থানীয় আবহাওয়ায় সফলভাবে বীজবিহীন আঙ্গুর উৎপাদনে সক্ষম হয়েছেন।
কৃষি সংশ্লিষ্টদের মতে, দেশে আঙ্গুরের অধিকাংশ চাহিদা এখনো আমদানিনির্ভর। স্থানীয়ভাবে মানসম্মত আঙ্গুর উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি ব্যয় কমার পাশাপাশি কৃষকদের জন্য নতুন বাজার সৃষ্টি হবে।
এ বিষয়ে রুহুল আমিন বলেন, “সঠিক প্রযুক্তি ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে দেশেই বাণিজ্যিকভাবে উন্নত জাতের আঙ্গুর উৎপাদন দ্রুত সম্প্রসারণ সম্ভব।” তিনি ভবিষ্যতে বৃহৎ পরিসরে আঙ্গুর চাষ সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চুয়াডাঙ্গার অনুকূল আবহাওয়া উচ্চমূল্যের ফল চাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। উদ্যোক্তাদের এমন উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা ও আশার সঞ্চার করছে।
এএইচ
জীবননগর প্রতিনিধি 























