চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৪৯৬ অ্যাম্পুল কুপিজেসিক বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মো. জালাল উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জালাল উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আলতাপ হোসেন মালিতা ও মৃত রাবেয়া খাতুনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় একটি ইজিবাইকে বসে থাকা জালাল উদ্দিনের কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ব্যাগের ভেতরে থাকা পুরাতন ও নষ্ট একটি স্ট্যাবিলাইজারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পেপারে মোড়ানো কুপিজেসিক বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৪৯৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৯৯২ মিলিলিটার মাদকদ্রব্য পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৯৯ হাজার ২০০ টাকা।
এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পুরাতন কমলা-ঘিয়ে রঙের স্ট্যাবিলাইজার এবং একটি বাজারের ব্যাগ আলামত হিসেবে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 
















