মেধা, নৈতিকতা ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
ইসলামিক সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৮৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরবর্তীতে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সাফা ইসলাম সারা দেশে ৫ম স্থান অর্জন করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে। তার এ সাফল্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, “প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে তার সন্তান বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হবে। তবে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, সন্তানদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করতে হবে, যেন তারা জীবনের সর্বোচ্চ পর্যায়ে গিয়েও সততা ও মানবিকতা বজায় রাখতে পারে।”
তিনি আরও বলেন, “সমাজে দুর্নীতির সঙ্গে জড়িতরা সাধারণ মানুষ নয়, বরং উচ্চপদে থাকা কিছু ব্যক্তি। একজন কৃষক কিংবা ভ্যানচালক কখনো দুর্নীতিবাজ হয় না। তাই শিশুদের ছোটবেলা থেকেই সততা, ন্যায়বোধ ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, “মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং তাদের ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করে। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তির সনদ তুলে দেন। এসময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















