চুয়াডাঙ্গা থেকে জাপানে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে যাওয়া ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ড্রিম স্টাডি এবরোড। সম্ভাবনাময় এই শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করতে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
শুক্রবার (২৭ মার্চ) রাতে শহরের চেম্বার অব কমার্স ভবনের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মোঃ রাহিনুল ইসলাম তৌফিক, মোঃ তুহিন হাসান, মোঃ বাপ্পি মিয়া, মোঃনয়ন আহমেদ, মোঃ মশিউর রহমান, মোঃ আশিকুর রহমান, মোছাঃসুমাইয়া মুন্নি ও রনি আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং শুভকামনা জানান।

ড্রিম স্টাডি এবরোডের চেয়ারম্যান মুন্সি বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, জাপানের মতো উন্নত দেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া আমাদের জেলার জন্য গর্বের বিষয়। এ শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন,বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণদের নিজেদের প্রস্তুত করতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,আজকের এই তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সঠিক দিকনির্দেশনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা গেলে তারা বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, ড্রিম স্টাডি এবরোডের মতো প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগকে আরও সম্প্রসারিত করা হলে গ্রাম-শহরের অনেক মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষার সুযোগ পাবে।

সভাপতির বক্তব্যে মুন্সি বিপ্লব বলেন,আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের বিদেশে পাঠানো নয়, বরং তাদের সঠিক গাইডলাইন দিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা। আজ যারা জাপানে যাওয়ার সুযোগ পেয়েছে, তারা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন,চুয়াডাঙ্গা থেকে আরও অনেক শিক্ষার্থী যেন বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে ছিল আনন্দঘন, অনুপ্রেরণামূলক এক আয়োজন।
এএইচ
নিজস্ব প্রতিবেদন 






















