ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়েরের পর আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজ হয়েছে। পরবর্তীতে ওই ব্যবসায়ীর দায়ের করা পাল্টা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ধর্ষণচেষ্টা মামলার বাদী বিউটি খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন।
গ্রেপ্তার বিউটি খাতুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।
আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে বিউটি খাতুন ও স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিজমা সংক্রান্ত ওই বিরোধের জের ধরে বিউটি খাতুন মিরাজ জামান রাজের বিরুদ্ধে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় দায়ের করা ওই মামলার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন।
এরপর ব্যবসায়ী মিরাজ জামান রাজ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিউটি খাতুনের বিরুদ্ধে পিটিশন দায়ের করেন। পিটিশনটির নম্বর ৯১/২০২৬। আদালত পিটিশনটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় পাল্টা মামলা হিসেবে গ্রহণ করেন এবং বিউটি খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মিরাজ জামান রাজ বলেন, দীর্ঘদিন ধরে বিউটি খাতুনের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পরে তিনি আমার নামে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ দায়ের করেন। ওই নারীর অভিযোগ আদালতে প্রমাণ হয়নি। মামলাটি ট্রাইব্যুনাল খারিজ করেছেন। এরপর আমি ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছি। কারণ, তিনি আমার নামে মিথ্যা অভিযোগে আদালতে মামলা করে আমাকে হেনস্তা করেছেন। আমার মানসম্মানের ক্ষতি করেছেন।
তিনি আরও জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর প্রমাণিত হয়েছে, শুধু জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মামলাটিতে তাকে ফাঁসানো হয়েছিল। পরে আদালত মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ঘোষণা করে খারিজ করেন এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(১) ধারায় বিউটি খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিউটি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুত্র -ঢাকা পোস্ট
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 

























