রোভার স্কাউট আন্দোলনে উদ্ভাবনী চিন্তা, কর্মদক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী আল মুতাকাব্বির সাকিব। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৫০তম বার্ষিক কাউন্সিল সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১৩ নভেম্বর) গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। রোভার স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণ, নতুনত্বপূর্ণ কার্যক্রমের প্রসার এবং স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি রোভারদের আরও উদ্ভাবনী, সেবামূলক ও নেতৃত্বগুণসম্পন্ন কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি প্রফেসর এ এইচ এ ছালেক (এলটি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আবুল খায়ের সরকার এবং রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী।
কাউন্সিল সভায় চুয়াডাঙ্গা জেলা রোভারের প্রতিনিধিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ এবং জেলা রোভারের সম্পাদক আব্দুর মুকিত জোয়ার্দ্দার।
আল মুতাকাব্বির সাকিব চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের শহিদুল ইসলাম ও সাবিনা ইয়াছমিন দম্পতির একমাত্র সন্তান। এর আগে ২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে তাঁকে দেশসেরা রোভার স্কাউট হিসেবে মনোনীত করা হয়। এবার জাতীয় পর্যায়ে ‘ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড’ অর্জনের মধ্য দিয়ে আবারও নিজের কৃতিত্বের স্বাক্ষর রাখলেন তিনি।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















