দেশের তিন জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে পদায়ন করা হয়েছে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে।
অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
একই দিনে আরেকটি প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে মো. আলমগীর কবীরের পদায়নের খবরে জেলার প্রশাসনিক মহলে নতুন নেতৃত্বের বিষয়টি সামনে এসেছে। দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকার দিকে তাকিয়ে থাকবেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















