চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল এবং মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আলমডাঙ্গা পৌরসভার কলেজপাড়ায় পচু মিয়ার বসতবাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কলেজপাড়ায় পচু মিয়ার বাড়ির ভাড়াটিয়া শ্যামল কুমার শাহার ছেলে মিঠুন শাহা ওরফে সুবেন্দ্র শাহা ওরফে বিন্দু সাহা (৩৩) এবং আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ার মহির উদ্দিনের ছেলে মো. শাকিল (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এসআই এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন। এ সময় দুই ব্যক্তির হেফাজত থেকে মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















