মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা চালানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত সরকারি কলেজের সীমানাপ্রাচীরের ভেতর থেকে পেট্রোলভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে। তবে বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্মৃতিস্তম্ভের পাশে পড়ে। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার মো. মিয়ারুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার মো. বাবু বিশ্বাসের ছেলে আলী কদর ওরফে শাওন (১৯)।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা বুধবার দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র – ঢাকা পোস্ট
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















