চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং ২৬টি মামলার বিচারাধীন ও একটি মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শুক্রবার বিকেলে আলমডাঙ্গা থানাধীন ক্যানালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তার নিজস্ব গোডাউনে তল্লাশি করে ১৪ ইঞ্চি লম্বা একটি লোহার চাপাতি, কাঠের বাটযুক্ত একটি দেশীয় লোহার কুড়াল, দুটি লোহার ছুরি, কাঠের বাটযুক্ত লম্বা একটি বড় লোহার ছোরা, স্টিলের বাটযুক্ত একটি বড় ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামের বিরুদ্ধে অন্তত ২৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং একটি মামলায় তাকে চার বছরের সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএইচ/বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক 




















