চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) অভিযানে ৩৯ পিস স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় রবিউল ইসলাম (৩৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম (৩৪) চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা এবং আহমদ আলী বিশ্বাসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধার হওয়া স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকেষ্টপুর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ৬ বিজিবির একটি চৌকস টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান নেয়।
শনিবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, গত এক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় স্বর্ণের চালান আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 













