বাইরে থেকে যে বন্ধুত্বকে খুব ঘনিষ্ঠ বলে মনে হয়, তার সবই যে আন্তরিক- এমনটি নয়। অনেক সময় কোনো বড় ঘটনার পরিবর্তে ছোট ছোট মুহূর্তের মাধ্যমেই বন্ধুত্বের আসল রূপটি স্পষ্ট হয়ে ওঠে। যেমন- আপনার সাফল্যে কেউ কেমন প্রতিক্রিয়া জানায়, আপনি যখন পাশে থাকেন না তখন কেমন আচরণ করে এসব বিষয় থেকে অনেক কিছু বোঝা যায়। একটি ভুল করলেই কেউ ‘ভুয়া বন্ধু’ হয়ে যায় না, তবে বারবার একই ধরনের আচরণ অনেক কিছু বলে দেয়। এখানে এমন পাঁচটি আচরণের কথা উল্লেখ করা হলো, যেগুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন-
সে কেবল প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করে
তার পাঠানো মেসেজে প্রায়ই কোনো অনুরোধ, কোনো উপকার পাওয়ার আকাঙ্ক্ষা অথবা এমন কোনো সমস্যা থাকে যা তারা আপনার মাধ্যমে সমাধান করাতে চায়। অথচ আপনার যখন সাহায্যের প্রয়োজন হয় বা কেবল কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। বন্ধুত্ব কখনোই একতরফা হওয়া উচিত নয়।
আপনার সাফল্যে আনন্দিত হতে পারে না
আপনি যখন কোনো সুখবর শেয়ার করেন, তখন সে আপনার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পরিবর্তে অন্য কারো অর্জনের সঙ্গে আপনার সাফল্যের তুলনা করে অথবা আপনার অর্জনকে ছোট করে দেখানোর চেষ্টা করে। মাঝেমধ্যে কারো প্রতিক্রিয়া কিছুটা অস্বস্তিকর হতে পারে, কিন্তু বারবার আপনার আনন্দকে গুরুত্বহীন করে তোলাটা অবশ্যই লক্ষণীয় বিষয়।
আপনার ব্যক্তিগত তথ্য অন্যদের কাছে ফাঁস করে দেয়
আপনি হয়তো বিশ্বাস করে তাদের কোনো কথা বলেছিলেন, কিন্তু পরে দেখলেন যে অন্যরাও তা জেনে গেছে। একজন প্রকৃত বন্ধু বোঝেন যে, ব্যক্তিগত কথোপকথন একান্তই ব্যক্তিগত থাকা উচিত, যদি না তা অন্য কারো সঙ্গে শেয়ার করার মতো কোনো গুরুতর কারণ থাকে।
আপনাকে নিয়ে উপহাস বা ঠাট্টা করে
বন্ধুদের মধ্যে হালকা ঠাট্টা-তামাশা হওয়া স্বাভাবিক, কিন্তু যখন কেউ বারবার আপনার দুর্বল জায়গাগুলোকে (insecurities) নিয়ে উপহাস করে, তখন তা অস্বস্তিকর হয়ে ওঠে। আপনি যদি তাকে জানান যে কোনো বিষয় আপনাকে কষ্ট দিচ্ছে, তবুও যদি তা চালিয়ে যেতে থাকে, তবে বুঝতে হবে তারা আপনার অনুভূতিকে সম্মান করছে না।
আপনার কঠিন সময়ে সে উধাও হয়ে যায়
ঘুরে বেড়ানো, উদযাপন বা আনন্দদায়ক আড্ডার সময় তাদের পাশে পাওয়া যায়, কিন্তু জীবনের কঠিন সময়ে তাকে আর খুঁজে পাওয়া যায় না। একজন বন্ধুকে যে আপনার সব সমস্যার সমাধান করতেই হবে তা নয়, তবে কঠিন মুহূর্তে সামান্য সহানুভূতি বা খোঁজখবর নেওয়াটাও অনেক বড় বিষয়।
এএইচ
লাইফস্টাইল ডেস্ক 
























