চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে সায়েদ ফুড প্রোডাক্টসের ম্যানেজার আবু হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মালিকের জামাতা সৌরভের বিরুদ্ধে। আহত আবু হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক তাঁর হাতের ক্ষত গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা রাজশাহীতে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে সায়েদ ফুড প্রোডাক্টসে এ ঘটনা ঘটে। তবে হামলার পেছনে কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। আহত ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরাও এ বিষয়ে পুলিশের কাছে বিস্তারিত কিছু বলছেন না।

আহত আবু হোসেন (৬৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার বাদুরতলার বাসিন্দা। তিনি মৃত তাহাজ্জদ আলীর ছেলে। ডিঙ্গেদহে অবস্থিত সায়েদ ফুড প্রোডাক্টসের (বেকারি) ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আবু হোসেনের ভাই সাইদুর রহমান বলেন, ঘটনার বিস্তারিত কারণ তাঁর জানা নেই। তাঁদের মধ্যে কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে তিনি জানতে পেরেছেন, সায়েদ ফুড প্রোডাক্টসের মালিকের জামাতা সৌরভ ধারালো অস্ত্র দিয়ে তাঁর ভাইকে কুপিয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আবু হোসেনের হাতের ক্ষত বেশ গভীর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। ওই ব্যক্তি ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 




















