চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির পাশের পাকা রাস্তার ধারে খেলার সময় শ্যালো ইঞ্জিনচালিত ‘অবৈধ যান’ লাটাহাম্বারের ধাক্কায় তানহা আক্তার (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের ত্রিমনি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ওই গ্রামের আবু তালেবের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের পাকা রাস্তার ধারে খেলছিল তানহা। এ সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী একটি লাটাহাম্বার শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুকাইয়া খাতুন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, লাটাহাম্বারের ধাক্কায় এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 





















