চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর-বেতবাড়িয়া মাঠে অনুমতি ছাড়াই পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দক্ষিণ গোবিন্দপুর-বেতবাড়িয়া মাঠে একটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে জমি থেকে মাটি কেটে পুকুর খননের কাজ চলতে দেখা যায়। এ সময় অভিযান পরিচালনা করে খননকাজে ব্যবহৃত এক্সকাভেটরটি জব্দ করা হয়।
পরে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ছাড়াই পুকুর খননের দায়ে জেহালা বাজার এলাকার পুকুর মালিক আসিরুল ইসলাম সেলিমকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।
এ বিষয়ে আসিরুল ইসলাম সেলিম বলেন, জমিটি দীর্ঘদিন ধরে ডোবা পুকুর হিসেবে পড়ে ছিল। সেখানে কোনো ধরনের ফসলের আবাদ হয় না। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মাছ চাষের উপযোগী করা এবং স্থানীয় মানুষের গোসলসহ দৈনন্দিন ব্যবহারের সুবিধার্থে ডোবাটি পূর্ণখননের কাজ শুরু করা হয়েছিল। প্রয়োজনীয় অনুমতির বিষয়টি আগে সম্পন্ন করা হয়নি। ভবিষ্যতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার জন্য আবেদন করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও ভূমি সংরক্ষণে সরকারি বিধিমালা অনুসরণ নিশ্চিত করতে অনুমতি ছাড়া পুকুর খনন ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















