চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেহেদী শাহরিয়ার। সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গায় যোগদান করেন।
চুয়াডাঙ্গায় পৌঁছে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
মেহেদী শাহরিয়ার যশোর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেছেন। ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে তাঁর কর্মজীবনের সূচনা হয়।

দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন মেহেদী শাহরিয়ার। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
নতুন পুলিশ সুপার হিসেবে তিনি সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হয়েছেন। মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
নবাগত পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ সোয়েব আহমেদ ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস। এছাড়া জেলার সব থানার অফিসার ইনচার্জ, ইনচার্জ, সিসিআইসি, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। এ ক্ষেত্রে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব অফিস-প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিসহ জেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
পারস্পরিক সমন্বয় ও সবার সহযোগিতাকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব, পেশাদার ও গতিশীল করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন নতুন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















