চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. রুহুল আমিনকে সীমান্ত ইউনিয়নবাসীর উদ্যোগে নাগরিক গণসংবর্ধনা ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া ২ নম্বর ওয়ার্ড, নতুনপাড়া ৩ নম্বর ওয়ার্ড ও বেনীপুর বাজার এলাকায় আয়োজিত পথসভা, গণসংযোগ ও গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সংসদ সদস্য স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, সমাজ উন্নয়নের মূল ভিত্তি হলো সেবামূলক মনোভাব ও নৈতিকতা। জনগণের সেবা করা শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও ধর্মীয় কর্তব্য। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে অন্যের কল্যাণে কাজ করলে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুবসমাজের জন্য সবচেয়ে বড় হুমকি মাদকাসক্তি। মাদক একজন ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তাই যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা ও খেলাধুলার আয়োজন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। এ মাসে দান-সদকা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জোরদার করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, মানবসম্পদ উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, তালিমুল কুরআনের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকরসহ ইউনিয়ন আমির আব্দুল ওয়াহিদ ও স্থানীয় অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।
এএইচ
জীবননগর প্রতিনিধি 






















