চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২ মার্চ) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঝাঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আব্দুল আজিজ (৬০) এর নিজ দখলীয় বসতঘরের দক্ষিণ পাশের কক্ষে সংরক্ষিত একটি চৌকির নিচ থেকে শপিং ব্যাগে রাখা স্কচটেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
আটক আব্দুল আজিজ মৃত নুরুল ইসলাম মণ্ডলের ছেলে। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























