মানুষের প্রকৃত পরিচয় তাঁর কর্মে—এই বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছিলেন হাজী শামসুজ্জোহা বিশ্বাস। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরও শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবকল্যাণে তাঁর অবদান চুয়াডাঙ্গার মানুষের কাছে তাঁকে স্মরণীয় করে রেখেছে। ২০১০ সালের ১৭ নভেম্বর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। আজ তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মানুষের জন্য রেখে যাওয়া কাজের মধ্য দিয়ে তিনি আজও বেঁচে আছেন।
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের মৃত রবজেল আলী বিশ্বাসের সন্তান হাজী শামসুজ্জোহা বিশ্বাস পরবর্তী সময়ে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও শিক্ষানুরাগী এই ব্যক্তিত্বের জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। সহজ-সরল কথাবার্তা, পরোপকারিতা ও দানশীলতার কারণে স্থানীয় মানুষের মধ্যে তিনি বিশেষ শ্রদ্ধার জায়গা করে নিয়েছিলেন।
তাঁর পাঁচ সন্তানও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, প্রবাসী ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ, দৈনিক সময়ের সমীকরণের প্রকাশক ও সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, নিউইয়র্কপ্রবাসী শামসুন্নাহার এবং চুয়াডাঙ্গায় বসবাসকারী কামরুন্নাহার। বাবার রেখে যাওয়া আদর্শ ও স্মৃতি তাঁরা এখনো ধারণ করে আছেন।
হাজী শামসুজ্জোহা বিশ্বাসের সমাজকল্যাণমূলক কাজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো প্রত্যন্ত এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগ। ২০০১ সালে পাঁচকমলাপুর গ্রামে একটি ছোট চালাঘরে মাত্র ১৩ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিয়ে তিনি একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজ শুরু করেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির পরিসর বাড়তে থাকে। ২০০৩ সালের ৯ মে তিনি এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিষ্ঠানটির উন্নয়নে কাজ করে গেছেন তিনি।
২০১০ সালে তাঁর মৃত্যুর পর বাবার শুরু করা উদ্যোগকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন ছেলে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। তাঁর প্রচেষ্টা ও উদ্যোগে প্রতিষ্ঠানটি বর্তমানে ‘হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা’ নামে পরিচিতি পেয়েছে। প্রতিষ্ঠানটি এখন আলমডাঙ্গা কিংবা চুয়াডাঙ্গার গণ্ডি ছাড়িয়ে পুরো খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
পিতার স্বপ্ন বাস্তবায়নে সাহিদুজ্জামান টরিক চুয়াডাঙ্গায় তিন তারকা মানের ‘সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টার’ প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ আয় মাদ্রাসার কল্যাণে ব্যয় করা হয়। পাশাপাশি ২০১১ সাল থেকে মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য তিন বেলা বিনা মূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে।
শিক্ষার মান ও ফলাফলেও প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় টানা পঞ্চমবারের মতো চুয়াডাঙ্গা জেলায় প্রথম স্থান অর্জন করেছে মাদ্রাসাটি। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২৯ জন শিক্ষার্থী মুমতাজ (এ+) পেয়েছেন। পাশাপাশি ১২ জন শিক্ষার্থী স্থান করে নিয়েছেন কেন্দ্রীয় মেধাতালিকায়।
এর আগে গত বছর মাদ্রাসার খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থী দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় এটিকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে মাদ্রাসাটি দাওরায়ে হাদিস পরীক্ষার কেন্দ্র হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া হেফজ, ইবতিদাইয়া ও মুতাওসসিতা বিভাগেও শিক্ষার্থীরা দেশজুড়ে শীর্ষস্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বাড়িয়ে চলেছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের সদস্যরা পাঁচকমলাপুরে হাজী শামসুজ্জোহা বিশ্বাসের কবর জিয়ারত করবেন। এ ছাড়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
হাজী শামসুজ্জোহা বিশ্বাস আজ আর সশরীরে নেই। তবে শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগ, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং তাঁর হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান আজও তাঁর কর্মময় জীবনের সাক্ষ্য বহন করছে। তাঁর রেখে যাওয়া উদ্যোগের ধারাবাহিকতায় প্রতি বছর যে হাজারো শিক্ষার্থী জ্ঞান ও শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাচ্ছেন, তাঁদের মধ্য দিয়েই স্মরণীয় হয়ে থাকবে তাঁর অবদান।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















