সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় নিয়ে চুয়াডাঙ্গায় উদ্যাপিত হয়েছে সুশাসনের জন্য নাগরিক—সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগ পূর্তি। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় বুদ্ধিজীবী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের দৈনিক সময়ের সমীকরণ কার্যালয়ের মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ‘সুশাসন ও জনসচেতনতাই উন্নয়নের মূল চাবিকাঠি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সিদ্দিকুর রহমান। সঞ্চালনা করেন জেলা কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক মেহেরাব্বিন সানভীর।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী। স্বাগত বক্তব্য দেন সুজনের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম। বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায়ে জবাবদিহি বাড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে সুজনের জেলা সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জোয়ার্দ্দার ও এসএম জাহিদ ইকবাল, সহসভাপতি জিয়াউর রহমান এবং কার্যনির্বাহী সদস্য লিজা হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে সুজনের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ ২৪ বছর ধরে সেই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে সুশাসন কেবল একটি ধারণা নয়, বরং দেশের সামগ্রিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত।
তিনি আরও বলেন, জেলা পর্যায়ে সুজনের কার্যক্রমের বিস্তৃতি প্রমাণ করে, সাধারণ মানুষ নিজেদের অধিকার ও সুশাসনের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন হচ্ছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তরুণ সমাজ এবং সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার এখনই উপযুক্ত সময়। দেশের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী দিনগুলোতে রাজপথের কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রমে সুজন আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে কেক কাটার মাধ্যমে সংগঠনটির দুই যুগের পথচলা উদ্যাপন করা হয়। এ সময় আগামী দিনে আরও গতিশীলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।
এএইচ/বিজ্ঞপ্তি
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 





















