শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর দিনে দ্বিতীয় দিনের মতো এ পরিদর্শন শুরু হয়। বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি বাড়াদী, গাংনী, জেহালা, আইলহাঁস, খাসকররা, জামজামী ও কালীদাসপুর ইউনিয়নের প্রায় সব পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজখবর নেন এবং ভক্তদের হাতে প্রসাদও গ্রহণ করেন। কারও হাতে ধূপকাঠি ধরেন, কারও সঙ্গে সম্প্রীতির উষ্ণতায় আলাপচারিতায় মেতে ওঠেন। জেলা বিএনপির এই নেতার উপস্থিতি ও আন্তরিকতায় আয়োজক ও ভক্তদের মনে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে। এর আগে তিনি সপ্তমীর দিন সদর উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছিলেন।
শরীফুজ্জামান শরীফ বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ আবাসভূমি হওয়া উচিত। শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আমি বিগত বছরের মতো এবারও সদর ও আলমডাঙ্গা উপজেলার প্রতিটি মণ্ডপে উপস্থিত হয়েছি। ভক্তরা যাতে নির্ভয়ে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য মণ্ডপ প্রস্তুতকারীদের সঙ্গে আমরা আগেই বৈঠক করেছি। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকেরা প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা জননেতা তারেক রহমানের অনুপ্রেরণায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। তার পক্ষ থেকে উপহারসামগ্রীও বিতরণ করা হয়েছে। পূজা কমিটির নেতাদের আগেই যে পরামর্শ দিয়েছিলাম, এখন তা বাস্তবায়ন হতে দেখে ভালো লাগছে। সবাই একসঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে।”
শরীফুজ্জামান শরীফ আশ্বাস দিয়ে বলেন, “যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, বিএনপি সবসময় দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল। পূজা-পার্বণের সময় কেউ যাতে বিভাজন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা বিশেষভাবে সজাগ।” এবছরও জেলা বিএনপির পক্ষ থেকে সেরা মণ্ডপ ও সেরা আয়োজনকে পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।
তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ছালাম বিপ্লব, জেলা পূজা উদ্যাপন পরিষদের সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ খান।
এছাড়া জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ চিৎলা, গাংনী, বাড়াদী, জেহালা, আইলহাঁস, খাসকররা, জামজামী ও কালীদাসপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সফরসঙ্গী ছিলেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 




















