চুয়াডাঙ্গার দর্শনায় ক্রেতা সেজে দিনেদুপুরে সঞ্জয় কুমার (৩৫) নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে দর্শনা পৌর শহরের পুরাতন বাজার বন্ধু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
আহত সঞ্জয় কুমার (৩৫) দর্শনা পৌর এলাকার কলেজপাড়ার সুধীর কুমারের ছেলে।

আহত সঞ্জয় কুমার রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দুপুরে এক ব্যক্তি আমার দোকানে আসেন। মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। তিনি বেশ কিছু গয়না কিনবেন বলে জানান। মোটামুটি সাড়ে ৫ লাখ টাকার গয়না তিনি পছন্দ করেন এবং টাকা ব্যাংকের মাধ্যমে দেবেন বলে জানান। আমি বলি ক্যাশ টাকা ছাড়া নেবো না। এই নিয়ে দুই এক কথার মধ্যে তার হাতে থাকা একটি বাজারের ব্যাগের মধ্যে থেকে কিছু একটা বের করেই আমার মাথায় আঘাত করতে থাকেন।
কোন কিছু লুট হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোন কিছু নিতে পারেনি। টাকা না দেয়া পর্যন্ত গয়নাগুলো আমার হেফাজতে রেখেছিলাম। আমি উনাকে চিনতে পারেনি। পরবর্তীতে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠান।
এদিকে, এ ঘটনার পর দর্শনা পুরাতন বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে জেলা পুলিশের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে খুজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ভুক্তভোগী জানিয়েছেন, কোন কিছু লুটের ঘটনা ঘটেনি। গয়না পছন্দের পর ক্যাশ টাকা না দিয়ে ব্যাংক একাউন্টে দেয়ার কথা জানান। দোকানি আপত্তি জানান। এরপরই কোন কিছু দিয়ে কুপিয়ে জখম করে।
তিনি আরও বলেন, আমরা এই ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি। অভিযুক্তকে সনাক্ত ও আটকের জন্য পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে।
এএইচ
অর্ণব আহমেদ আশিক 




















