চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ইউনিয়নের ডাউকি মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রায় এক হাজার নারী অংশগ্রহণ করেন।
সম্মেলন শেষে সবার মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট ডাউকি ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন রাশেদা খাতুন এবং সাধারণ সম্পাদক ছালেহা খাতুন।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করতে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক রাশেদা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সবসময় নারী নেতৃত্বকে গুরুত্ব দিয়েছেন। রাজনীতির প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। ডাউকির এই সম্মেলন প্রমাণ করে গ্রামীণ নারীরাও এখন সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বনির্ভর ও আর্থিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। বাংলাদেশে নারী শক্তির মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন আরও গতিশীল করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, রাষ্ট্রের দায়িত্ব। আমরা ক্ষমতায় গেলে নারীদের জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বন্নী, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 
























