কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের নতুন নজির গড়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পাঁচ কমলাপুরের হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২৯ শিক্ষার্থী মুমতাজ এ+ ফল অর্জন করেছেন। একই সঙ্গে বিভিন্ন বিভাগ ও শ্রেণিতে ১২ শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। এ ফলাফলের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো চুয়াডাঙ্গা জেলায় প্রথম হওয়ার গৌরব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (৭ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়াড় তাবলিগ মার্কাজ মসজিদে ৪৯তম বেফাক কেন্দ্রীয় পরীক্ষায় মেধা স্থান অর্জনকারী ও মুমতাজপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সাফল্যের তথ্য তুলে ধরা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশ থেকে মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশ নেন। বিপুলসংখ্যক পরীক্ষার্থীর মধ্যে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার ১২ শিক্ষার্থী বিভিন্ন বিভাগ ও শ্রেণিতে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির ২৯ শিক্ষার্থী অর্জন করেছেন মুমতাজ (এ+) ফল।
এর মধ্যে প্রতিষ্ঠানের হেফজ বিভাগের মিনারুল ইসলাম সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। ইবতিদাইয়া পঞ্চম শ্রেণিতে তামজিদুল হক তাজিম ১৭তম, জুবায়ের আলী ৩৬তম, আব্দুল্লাহ ইব্রাহিম ৫১তম, সাকিবুল ৫৩তম, মোস্তফা ৫৮তম, হুসাইন ৬৩তম, মো. জুনায়েদ ৭২তম এবং মো. আবিদ হাসান ৭৩তম স্থান অর্জন করেছেন। এ ছাড়া মুতাওসসিতা সপ্তম শ্রেণিতে মো. তহিদুল ইসলাম ৪৪তম, মো. আব্দুল্লাহ আল আমিন ৪৫তম এবং মো. পারভেজ হুছাইন ৫১তম স্থান অর্জন করেছেন। দাওরায়ে হাদিস বিভাগ থেকে মাওলানা আব্দুর রহমান খান মুমতাজ ফল অর্জন করেছেন। হেফজ বিভাগে মুমতাজ পেয়েছেন মো. তৌফিক ওমর ও মো. ইমন হাসান।
ইবতিদাইয়া পঞ্চম শ্রেণিতে মুমতাজ অর্জন করেছেন মো. জুনায়েত হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, মো. ইসমাঈল হোসেন, মো. মাশরাফী রহমান ও মো. আল জিহাদ। মুতাওসসিতা সপ্তম শ্রেণিতে মুমতাজ ফল অর্জন করেছেন মো. সাকিবুল ইসলাম, নুর মোহাম্মদ, মো. আদনান সাফি, মো. রাফিউল্লাহ, মো. রাতুল হাসান, মো. রোকনুজ্জামান সিয়াম, মো. কায়েস আলী ও মো. বায়েজিদ। এ ছাড়া সানাবিয়া দশম শ্রেণি থেকে ওয়াজ কুরুনী মুমতাজ ফল অর্জন করেন।
এই ফলাফলে মাদ্রাসার শিক্ষা পরিচালনা পরিষদ ও দপ্তরে এহতেমাম বিভাগ মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেছে। প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান (শামীম) এ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল মুফতি গোলামুর রহমান ও মাওলানা নাসিরউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি মুস্তাফা কামাল কাসেমী।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সাফল্যের জন্য মুহতামীম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাদের, নায়েবে মুহতামীম আলহাজ্ব হাফেজ ইনারুল ইসলাম ইন্না, শিক্ষা সচিব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা সচিব মুফতি নাফিউজ্জামান এবং জামি’আর সব শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মেহেরাব/এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 

















