বিশিষ্ট ক্রীড়াবিদ মোজাম্মেল হকের চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে চুয়াডাঙ্গার জীবননগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী চ্যারিটি ফুটবল ম্যাচ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এ মানবিক উদ্যোগে অংশ নেন এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ, সাবেক ও বর্তমান ফুটবলারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি। আয়োজক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাজাহান কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত সেক্রেটারি শফি উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।
চ্যারিটি ম্যাচে মোজাম্মেল হকের সতীর্থ তারকা ফুটবলারদের মধ্যে অংশ নেন গিয়াসউদ্দিন পিনা (দর্শনা), জাহিদুল ইসলাম, লুতফন চৌধুরী, আবদুল লতিফ অমল, হযরত আলী, আব্দুস সামাদ, নাসির উদ্দীন, রায়হান চৌধুরী, তারুসহ আরও অনেকে।

খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শক। প্রবীণ ও নতুন প্রজন্মের ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
খেলা শেষে অতিথিবৃন্দ এই মানবিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং মোজাম্মেল হকের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন।
উল্লেখ্য, এই আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন মামুনুজ্জামান আদুন, মনিরুজ্জামান মনির, ইলিয়াস, সাইদুরসহ নাম না জানা অসংখ্য শুভানুধ্যায়ী।
এএইচ
জীবননগর অফিস 























