চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় ভিড়ের সুযোগ নিয়ে ইউসুফ নামের এক ব্যবসায়ীর পকেট কেটে নেওয়া আইফোন-১৪ ও নগদ টাকা কয়েকদিন পর উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করার পর তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনসহ আরও কয়েকটি স্মার্টফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ মে) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়া গমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি জামালপুর জেলার ইসলামপুর থানার কাছিমা মধ্যেপাড়া গ্রামের ফারুক হোসেন (৩৪)। তিনি বাচ্চু মিয়ার ছেলে। পুলিশের ধারণা, তিনি আন্তঃজেলা পকেটমার চক্রের সক্রিয় সদস্য হতে পারেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকার ব্যবসায়ী ইউসুফ গত ১৬ মে সকালে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রেলস্টেশন সংলগ্ন আরামপাড়া গমপট্টি এলাকায় পৌঁছালে ভিড়ের মধ্যে তার পকেট থেকে নগদ ৩৯ হাজার ৫০০ টাকা ও একটি আইফোন-১৪ চুরি হয়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে জানালে এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। তাকে আটকানোর চেষ্টা করা হলে তিনি দ্রুত পালিয়ে যান।

এরপর কয়েকদিন ধরে ভুক্তভোগী ও তার স্বজনরা বিভিন্ন এলাকায় ওই ব্যক্তির খোঁজ চালাতে থাকেন। শুক্রবার সকালে একই এলাকায় সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি আহত হন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানার হেফাজতে নেয়। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে চুরি হওয়া আইফোন-১৪, নগদ ৩০ হাজার টাকা এবং আরও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) শরিফুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শ্রী রমেন কুমার সরকার ও এএসআই রঞ্জু আহমেদ অংশ নেন।
চুয়াডাঙ্গা সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শ্রী রমেন কুমার সরকার বলেন, “আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া আইফোনটি ভুক্তভোগী ইউসুফের বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া অন্য দুটি মোবাইল ফোনের প্রকৃত মালিক শনাক্তে কাজ চলছে।”
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”
এএইচ
নিজস্ব প্রতিবেদক 









