চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী হঠাৎপাড়ায় গত বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই চাঁব মিয়ার বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছায় হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে রাস্তায় বসে পড়েছিল পরিবারটি। কিন্তু সেই দুঃসময়ে পাশে এসে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
শনিবার (১১ অক্টোবর) সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, সান্ত্বনা দেন এবং আশ্রয়সহ মাসব্যাপী পরিবারের সব ধরনের ব্যয়ভার নিজের কাঁধে তুলে নেন। শুধুই প্রতিশ্রুতি নয়—তিনি চান মিয়ার পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের ঘোষণা দেন, কিনে দেন রান্নাবান্নার প্রয়োজনীয় হাড়ি-পাতিল ও অন্যান্য সামগ্রী।

শরীফুজ্জামান শরীফ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। চান মিয়ার পরিবারের এই কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাঁদের ঘর পুনর্নির্মাণের খরচ বহন করব। পাশাপাশি আগামী এক মাসের খাদ্য ও দৈনন্দিন খরচের দায়িত্বও নিচ্ছি। দলীয়ভাবেও দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়—মানুষের বিপদে পাশে থাকা। আমি চাই চুয়াডাঙ্গার মানুষ জানুক, তারা একা নয়। জেলা বিএনপি সবসময় জনগণের পাশে আছে।
চান মিয়া বলেন, সবকিছু হারিয়ে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। কোথায় যাবো, কীভাবে ঘর তুলবো জানতাম না। এমন সময় শরীফুজ্জামান শরীফ ভাই এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সাহায্যে আবার নতুন করে বাঁচার সাহস পেয়েছি।”

এই সময় শরীফুজ্জামান শরীফের সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াসিন হাসান কাকন, পৌর বিএনপি নেতা আলাউদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না, বিএনপি নেতা মাঈনুল হক মালিক হারুন, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, শরীফুজ্জামান শরীফের এই মানবিক উদ্যোগ শুধুমাত্র এক পরিবারের নয়, পুরো এলাকার মানুষের হৃদয় স্পর্শ করেছে। আগুনে পুড়ে যাওয়া ঘরে ফিরে এসেছে আশার আলো—ফিরে এসেছে বাঁচার প্রেরণা।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 




















