চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি তাপপ্রবাহ ও তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অসহনীয় গরমে যখন সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন, তখন মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি। পথচারী, শ্রমজীবী ও খোলা আকাশের নিচে কর্মরত মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, ছাতা ও হাতপাখা বিতরণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৪ জুন) জেলা শহরের বড় বাজারের চৌরাস্তা মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উদ্বোধনের পর শহরের বিভিন্ন স্থানে পথচারী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ভ্যান ও রিকশাচালক, ট্রাফিক পুলিশ সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও ছাতা বিতরণ করা হয়। পরে একইভাবে শহরের কোর্ট মোড় ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকাতেও এ কর্মসূচি পরিচালনা করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চলমান তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে এই মানবিক কর্মসূচি টানা সাত দিন পরিচালিত হবে।
গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলার তাপমাত্রা প্রতিদিনই ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। জ্যৈষ্ঠের খরতাপে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। তীব্র গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং বাড়ছে শারীরিক অস্বস্তি। বিশেষ করে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষ, পরিবহন শ্রমিক, পথচারী ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান হাবিবুর রহমান বলেন, “চুয়াডাঙ্গায় তীব্র গরম ও রোদের দাপদাহের কারণে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গরম থেকে বাঁচাতে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। পাশাপাশি রোদ ও গরমের কষ্ট কমাতে একটি করে ছাতা ও হাতপাখা দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মাইকিং কার্যক্রমও চলমান রয়েছে।”

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “প্রচণ্ড গরমে বিশেষ করে পথচারী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও বয়স্কদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন গ্রহণ করা প্রয়োজন। এতে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি অনেকাংশে কমে আসে। প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির এই মানবিক উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।”
তীব্র গরমে যখন সাধারণ মানুষ কিছুটা স্বস্তির খোঁজে ছুটছেন, তখন রেড ক্রিসেন্ট সোসাইটির এই উদ্যোগ অনেকের কাছেই মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং চলমান তাপপ্রবাহে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















