চুয়াডাঙ্গার দর্শনা কৌশলে নোমান হোসেন (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থীর ব্যাটারিচালিত পাখিভ্যান ছিনিয়ে নিয়েছে যাত্রীবেশে দুজন ব্যক্তি। উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-ছেলে।
আজ রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভাধীন এলাকার বাসস্ট্যান্ডের আব্দুল খালেক রাইস মিলের গলিতে এই ঘটনা ঘটে।
এদিকে, একের পর এক ঘটেই চলছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত ঘটনা। এসবের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থাকলেও অপরাধীদের সনাক্ত করতে পারছে না প্রশাসন। থানায় অভিযোগ করেও মিলছেনা কোন প্রতিকার। বরাবরের মতো এবারও দর্শনায় পাখিভ্যান ছিনতাই করে নিলো যাত্রীবেশে দুই ছিনতাইকারী। তবে রাতে নয়, একেবারে দিনেদুপুরেই। ভ্যানটিই ছিলো ভুক্তভোগীর পরিবারের একমাত্র রুটিরুজির সম্বল।
ভুক্তভোগী কিশোর ভ্যানচালক নোমান হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের মুহাম্মাদ আব্দুল আলিমের ছেলে।
কিশোর নোমান মাদরাসা শিক্ষার্থী। রমজান মাসে ছুটিতে বাড়িতে এসে রোজাদার বৃদ্ধ পিতাকে রমজান মাসজুড়ে ভ্যান নিয়ে বাবাকে সহযোগিতা করছিল। সেই সুবাদে আজও সকালে ভ্যান নিয়ে বের হয় ছেলে নোমান।

ভ্যান ছিনতাইয়ের ঘটনার বিবরণ দিয়ে নোমান রেডিও চুয়াডাঙ্গাকে জানায়, আমি চুয়াডাঙ্গা সদরের হিজলগারীতে ভাড়ার জন্য অপেক্ষায় ছিলাম। হঠাৎ দু’জন ব্যক্তি দর্শনা থেকে খেজুর আনবে বলে আমার সাথে ৩০০ টাকা ভাড়া ঠিক করেন। তবে দুজনের যাওয়ার কথা থাকলেও একজন যাননি, শুধুমাত্র একজনই আমার ভ্যানে উঠেন। পরবর্তীতে দর্শনা হল্ট স্টেশন পার হওয়ার পর আরেকজন উঠেন। এরপর আমাকে আব্দুল খালেক রাইস মিলের গলিতে নিয়ে ভ্যান রেখে খেজুর আনার জন্য ছিনতাইকারীদের একজন আমাকে সাথে নিয়ে যায়। আমি ভ্যান রেখে খেজুর নেওয়ার উদ্দেশ্যে তার সাথে গেলে হঠাৎ সেই ছিনতাইকারী বলে যাও ভ্যানটা নিয়ে আসো। আমি এসে দেখি ভ্যান নেই।
বৃদ্ধ পিতা আব্দুল আলিম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। ছেলে ভ্যান নিয়ে ভাড়ার জন্য চলে যায়। এখন শুনছি উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটি ছেলের কাছ থেকে কৌশলে ছিনিয়ে নিয়ে গেছে। এখন আমি কিভাবে সংসার চাল্যাব? ভ্যানটিই ছিল একমাত্র উপার্জনের সম্ভব বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দর্শনা থানাধীন কোটালি-ছোটশলুয়া সড়কে মুহাম্মদ রনজু নামের এক ঝালমুড়ি বিক্রেতার হাত-পা বেঁধে আঁখ ক্ষেতে ফেলে রেখে পাখিভ্যান ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। আজও সেই ঘটনার সঠিক কোন তদন্ত হয়নি। এবং অভিযুক্তকেও সনাক্ত করতে পারেনি পুলিশ।
এএইচ
এস এম সাইফুল ইসলাম 




















