ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গা (ডিসিসি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা সাহারা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে আয়োজিত এ প্রতিযোগিতায় যুক্তি, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মনি খন্দকার)।
ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার সভাপতি মো. তামিম সালাম-এর সভাপতিত্বে এবং তাঁর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়, ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে বিতর্কচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও যুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















