চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬। যুবসমাজকে মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী সমাজ গড়ে তোলার লক্ষ্যে গাইদঘাট ক্রীড়া ও যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
নতুন বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে— যুব শক্তি, ক্রীড়া শক্তি, উন্নত আগামীর শক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী ফুটবল দল অংশগ্রহণ করছে। চট্টগ্রাম, সাতক্ষীরা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

গাইদঘাট ক্রীড়া ও যুব উন্নয়ন পরিষদের সভাপতি মনোয়ারুল হাসান সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা খেলাধুলাকে নতুনভাবে গুরুত্ব দিচ্ছি। বর্তমানে চুয়াডাঙ্গার গ্রাম-গঞ্জে যেখানে খেলাধুলার আয়োজন হচ্ছে, সেখানে আমাদের সহযোগিতা ও অংশগ্রহণ রয়েছে। আমরা চাই আমাদের সন্তানরা মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে বেরিয়ে এসে খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে উঠুক।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় দুটি করে ফুটবল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খেলাধুলার উন্নয়নে যেকোনো ইতিবাচক উদ্যোগে জেলা পরিষদ সহযোগিতা করবে। অতীতে চুয়াডাঙ্গা থেকে জাতীয় দলে খেলা অনেক ফুটবলার ছিলেন। আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা সেই ঐতিহ্য ও গৌরব আবারও ফিরিয়ে আনতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক মহাবুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরনবী ছামদানী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, শিক্ষক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
১৬টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৭০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গার কদমতলা স্পোর্টিং ক্লাব এবং ঝিনাইদহের শ্যামকুড় স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কদমতলা স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে দলটি।
জমকালো উদ্বোধনী আয়োজন, দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচের মধ্য দিয়ে গাইদঘাট ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬ ইতোমধ্যেই জেলার ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।
এএইচ
সজিব উদ্দিন, নিজস্ব প্রতিবেদক 






















