আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ইসলাম আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও মিডিয়া উপকমিটির সদস্য আব্দুর রহিম সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় চিৎলা ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা সভাপতি মীর শফিউল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আসমানখালী সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি ইমদাদুল হক, চিৎলা ইউনিয়ন সভাপতি আব্বাস আলী। সভাটি সঞ্চালনা করেন চিৎলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত সভায় বক্তারা বলেন, শনিবার (৩০ আগস্ট) আলমডাঙ্গায় নির্বাচনী প্রস্তুতি সভাকে সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম-এর পক্ষে ব্যাপক গণসংযোগ তৈরি করতে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বক্তারা পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য কর, তবে আল্লাহ অবশ্যই তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করবেন।”
নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের আদর্শ প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা অংশ নিয়ে আসন্ন নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 




















