চুয়াডাঙ্গার দর্শনায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. রাকিবুল হাসান ব্রাইটকে দর্শনা পৌর যুবদলের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দর্শনায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে রাকিবুল হাসান ব্রাইট ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য অমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
দর্শনা থানা পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে হেফাজতে নেয়। পরে প্রাথমিক তদন্ত শেষে তাদের মধ্যে রাকিবুল হাসান ব্রাইট ও অমিনকে গ্রেপ্তার দেখানো হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















