তীব্র দাবাদহে হাঁপিয়ে উঠেছে চুয়াডাঙ্গায় মানুষ। এতে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী, রিকশাচালক, সাধারণ শ্রমিকসহ পথচারীরা পড়েছেন চরম বিপাকে। তীব্র গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সঙ্গে তীব্র গরমে অসুস্থ হওয়ার ঘটনা বাড়ছে।
এমন পরিস্থিতিতে সুপেয় পানি ও স্যালাইন নিয়ে চুয়াডাঙ্গার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বহুমুখী মানব কল্যাণ সংস্থা।
আজ রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সুপেয় পানি ও স্যালাইন বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক কামরুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক ওলিউজ্জামান, বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে চুয়াডাঙ্গায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ সময়ে অনেকেই বাড়িতে থাকতে পারলেও শ্রমজীবী মানুষেরা পেটের দায়ে বাইরে বের হয়েছেন। তাঁদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নিয়েছেন তাঁরা।
খাবার পানি ও স্যালাইন পেয়ে রিকশাচালক আব্দুল মোমিন বলেন, বিশুদ্ধ পানি ও স্যাল্যাইন শরীরের জন্য উপকার হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। সারা দিন রিকশা চালিয়ে খুব কষ্ট হয়। সারা দিনই পানি খেতে হয়।
বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বিপুল আশরাফ বলে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সুপেয় পানি ও স্যালাইন বিতরণ অব্যহত থাকবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে। আজ দুটি বুথ থেকে প্রায় ২ হাজার বোতল পানি ও ১ হাজার পিস স্যালাইন বিতরণ করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















