চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে ৮টি ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় কয়েকটি ভাটায় কাঁচা ইট ট্রাক্টর ও এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক (প্রসিকিউটর) নাইম হোসেন।
অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দায়ে জেলার চারটি উপজেলার বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ৮টি ইটভাটা মালিককে জরিমানার আওতায় আনা হয়।
এরমধ্যে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারীর এএমবি ব্রিক্সকে ৩ লাখ টাকা, হাটবোয়ালিয়ার হাটুভাঙ্গার এসকেএস ব্রিক্সকে সাড়ে ৩ লাখ টাকা, একই এলাকার সান ব্রিক্সকে আড়াই লাখ টাকা, ওসমানপুরের এসএস ব্রিক্সকে ১ লাখ টাকা, একই এলাকা এজিকে ব্রিক্সকে ২ লাখ টাকা, পারদুর্গাপুরের এমএসবি ব্রিক্সকে ৩ লাখ টাকা, দামুড়হুদা উপজেলার স্কাই ব্রিক্সকে ২ লাখ ও সনি ব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস জানান, অভিযানে আদায়কৃত জরিমানা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 




















