চুয়াডাঙ্গায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ)।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
শহরের কালেক্টরেট স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজারের হাসান চত্বর মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতাসহ সকল আর্থিক সুবিধা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, “শিক্ষকরা জাতির কারিগর। অথচ সরকার শিক্ষকদের সঙ্গে তামাশা করছে। আমাদের ন্যায্য দাবি না মানলে রাজপথে নামতে বাধ্য হবো।”
এ সময় বক্তারা আরও বলেন, “আমাদের ঈদ বোনাসসহ অন্যান্য প্রাপ্য ভাতা বছরের পর বছর ঝুলে আছে। শিক্ষক সমাজ এখন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সরকারের প্রতি আহ্বান—এই বৈষম্য বন্ধ করতে হবে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন—
“এই দেশকে এগিয়ে নিচ্ছে শিক্ষক সমাজ। যারা জাতি গঠনে ভূমিকা রাখছেন, তাদের প্রাপ্য সম্মান ও ভাতা না দেওয়া অন্যায়। আমরা মনে করি, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি। যারা জাতির কারিগর, তাদের আর্থিকভাবে অবমূল্যায়ন করা চলবে না।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারকে শিক্ষকদের দাবি মেনে নিতে হবে। জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের অবদান অনন্য, তাই তাদের মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি শাহজাহান আলী, জেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন, জেলা মাদরাসা শিক্ষক পরিষদের সহসভাপতি জহুরুল ইসলাম মামুন, আলমডাঙ্গা নওলামারি ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল লতিফ কলম, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আজিজুর রহমান এবং জেলা কলেজ পরিষদের সভাপতি ও ফেডারেশনের জেলা সেক্রেটারি শফিউল আলম বকুল।
বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে শিক্ষক সমাজ রাজপথে নামবে এবং আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে।”
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























