চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়ীয়া-গহেরপুর সড়কে চলন্ত ট্রাক থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে চালক ও তার সহযোগীকে জিম্মি করে নগদ ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল।
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নে সড়াবাড়ীয়া-গহেরপুর সড়কের পাঁচকবর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সমত আলী ও তার সহযোগী বিপ্লব হোসেন অভিযোগ করে বলেন, কুষ্টিয়া থেকে বালু নিয়ে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় যান। সেখানে বালু খালাস করে ফেরার পথে তারা সদর উপজেলার পাঁচকবর এলাকায় পৌঁছালে বিপাকে পড়েন। সেখানে নতুন ব্রিজ নির্মাণ কাজ চলায় বিকল্প নিচের রাস্তা দিয়ে যাওয়ার সময় হাঁটুসমান কাদায় ট্রাকটি আটকে যায়। গাড়িটি উদ্ধারের চেষ্টা করার সময় হঠাৎ ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।

আহত ট্রাকচালক আসমত আলী জানান, ডাকাতদের মধ্যে তিনজনের হাতে ধারালো দা ছিল। তারা প্রথমে তার কাছে থাকা নগদ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তার মাথায় দা’র উল্টো পিঠ দিয়ে আঘাত করে এবং গলায় দড়ি পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে প্রাণভয়ে ট্রিপ বাবদ সঙ্গে থাকা ১৯ হাজার টাকার কথা স্বীকার করলে ডাকাতরা তা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ডাকাতরা পালিয়ে যাওয়ার পর আমাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করেন। পরে আমাকে গড়াইটুপি বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে স্থানীয় তিতুদহ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। তার ভাষ্য অনুযায়ী ট্রাকটি সড়কে আটকের গেলে এসময় কয়েকজন অস্ত্র নিয়ে জিম্মি করে ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে অভিযুক্তদের সনাক্ত করে কাজ করছি।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ট্রাক চালক ও তার সহযোগীকে জিম্মি করে নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা শুনেছি। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ না পেলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দুষ্কৃতকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























