৪৪তম জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে চুয়াডাঙ্গা জেলা দল। ব্যাটিং-বোলিংয়ে সমান নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়েছে তারা।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২২২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় চুয়াডাঙ্গা। দলের হয়ে মো. হাসিব খেলেন দুর্দান্ত এক ইনিংস। মাত্র ১০০ বলে ১১২ রান করে ম্যাচের সেরা পারফরম্যান্স উপহার দেন তিনি।
তার ইনিংসে ছিল দৃষ্টিনন্দন শটের ঝলক। এছাড়া রাসেল মিয়া ৫৩ বলে ৪৩ রান করে দলের সংগ্রহকে শক্ত ভিতের ওপর দাঁড় করান।
বল হাতেও চুয়াডাঙ্গার বোলাররা ছিলেন কার্যকর ও নিয়ন্ত্রিত। দলীয় অধিনায়ক সাঈদ-উর-রহমান ৯.৩ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে হাসিব ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গার শৃঙ্খলিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি চাঁপাইনবাবগঞ্জ জেলা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৪৬ রানে অলআউট হয়ে যায়। ফলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা।
চুয়াডাঙ্গা জেলার একাদশে খেলেছেন— ইরফান মুনতাসির রাতুল, সাঈদ-উর-রহমান (অধিনায়ক), রাসেল মিয়া, ফয়সাল কবীর, তৌহিদুর হাসান অপু, ইমাম হোসেন, মো. হাসিব, মো. আলিফ, মাহফুজ আহমেদ, শাকিল আকবর ও গোলাম মোস্তফা সরকার।
অতিরিক্ত খেলোয়াড় ছিলেন রতন, খালিদ ও লতিফ। কোচিং ও ব্যবস্থাপনা দলে ছিলেন কোচ টুটুল বস, সহকারী কোচ টুটুল মোল্লা।
দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মিলন বিশ্বাস এবং সহকারী ম্যানেজার ছিলেন সামাউন।
এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্য ফাহিম উদ্দীন মভিন মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহ জোগান।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























