মেহেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও নিত্যপ্রয়োজনীয় দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর) সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রাব্বি আহমেদ, তামিম ইসলাম ও মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল।
অভিযান সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর এলাকায় কাঁচাবাজার, সার-কীটনাশক সহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় শহরের বামুনপাড়ার মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত ১৩৫০ টাকা দামের টিএসপি সার ১৬০০-১৭০০ টাকা পর্যন্ত বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া সার ক্রয়-বিক্রয়ের রশিদ না রাখা ও প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: তারিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, বড়বাজারে গোপন সংবাদের ভিত্তিতে গিয়াস উদ্দিন এন্ড সাঈদ আহমেদ নামক বিএডিসি সারের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানে তদারকিকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সার বিক্রয়ের স্টক রেজিস্টার ও ভাউচার যাচাই করে ১৯ তারিখের ৩৮ বস্তা টিএসপি সারের গড়মিল পাওয়া যায়। অর্থাৎ ৩৮ বস্তা সার বেশি দামে বিক্রয় করা হলেও তাদের কোন ভাউচার প্রদান করা হয়নি। কোথায় এবং কার কাছে বিক্রয় করেছেন তার কোন প্রমাণ রাখেননি। এছাড়া পুর্বে ১৬০০- ১৭০০ টাকা পর্যন্ত টিএসপি সার বিক্রয়ের কথা তিনি স্বীকার করেন। অতিরিক্ত দামে সার বিক্রয় করে ভাউচার প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইদ আহমেদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
সহকারি পরিচালক সজল আহম্মেদ বলেন, মেহেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকির সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির প্রমাণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদেরকে সতর্ক করে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
হামিদুল ইসলাম, প্রতিবেদক মেহেরপুর 






















