চুয়াডাঙ্গায় বিভিন্নস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বলে সদর হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা গেছে।
দুর্ঘটনায় আহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নের বাসিন্দা ইমরানের স্ত্রী নুরনাহার (২০) তার ছেলে ওয়ালিদ (৪), বোন রেখা (৪০), মেহেরপুর জেলার গাংনী গ্রামের খালেকের ছেলে আব্দুল হাকিম (৪০), আলমডাঙ্গা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাজমুল আহমেদ (২৭), একই উপজেলার মুন্সিগঞ্জের মোফাজ্জলের মেয়ে পলি খাতুন (৪৫), নতিডাঙ্গা গ্রামের বেলালের ছেলে আলামিন (২২), ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবিপাড়ায় মিন্টুর ছেলে সিয়াম (১২)। এরমধ্যে নাজমুল আহমেদ গুরুতর আহত হওয়া তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বাকিরা জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
আহতদের সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী শিশুসহ ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
অপরদিকে, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি নামকস্থানে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে যায়। এতে ইজিবাইকের দুজন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

অপরদিকে, চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজের নিকটবর্তীস্থানে যাত্রীবাহী বাস এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী নাজমুক নামের একজন গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
অপরদিকে, চুয়াডাঙ্গা শহরের সিএ্যান্ডবিপাড়ায় মোটরসাইকেল এবং ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল চালক আহত হয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুব মুস্তোরি মৌ বলেন, সড়ক দূর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
এএইচ
হাসপাতাল প্রতিবেদক 






















