চুয়াডাঙ্গার জীবননগরে এক কেজি গাঁজাসহ মো. আব্দুল কাদের (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে একটি ১২৫ সিসি মোটরসাইকেল ও চাবি জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনোহরপুর বাজার এলাকায় মনোহরপুর-খয়েরহুদা সড়কের শ্রী সঞ্জয় পালের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক আব্দুল কাদের জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর উত্তরপাড়ার মৃত সমির মোল্লার ছেলে।
এক বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে একটি কালো শপিং ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো এক কেজি খোলা গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















